এবার আসছে ‘বরফ রোবট’

১০ জানুয়ারি, ২০২১ ১৮:১০  
কদিন আগেই আনারসের পাতা দিয়ে ড্রোন তৈরির কথা জেনেছি আমরা। আর এবার জানা গেলো বরফে তৈরি রোবটের কথা। এই ‘বরফ রোবট’টি তৈরি করেছেন পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গ্রাপ ল্যাবের একদল গবেষক। নিজেদেরকে পুনর্গঠনে সক্ষম এই রোবটটি পাঠানো হবে মহাকাশ অভিযানে। ইন্টেলিজেন্ট রোবটস অ্যান্ড সিস্টেমস সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনে (আইআরওএস) তুলে ধরা হয় রোবটটির বিস্তারিত। জানানো হয়, যেহেতু সব গ্যালাক্সিতেই বরফ পাওয়া যাবে ফলে এই বরফ রোবট নিজেরাই নিজেদের মেরামত করতে পারবে। রোবটে যুক্ত করা হয়েছে স্বয়ংক্রিয় কনফিগারেশন সুবিধা। প্রতিরূপ রোবটও তৈরি করা যাবে সহজেই। বরফ রোবটটির ওজন মাত্র ৬.৩ কিলোগ্রাম। ঘরের তাপমাত্রায় না গলে আরামদায়কভাবে চলাফেরা করতে পারে। গবেষকরা এই বরফ রোবট নিয়ে খুবই আশাবাদী। গবেষক দলের সদস্য ডেভিন ক্যারল আইইইই স্পেকট্রামকে বলেছেন, তিনি এবং তার সহ-উদ্ভাবক মার্ক ইয়িম সহজলভ্য উপাদান থেকে দূরবর্তী বা প্রতিকূল পরিবেশে পরিচালিত রোবোটিক সিস্টেমে তৈরির অভিপ্রায় থেকেই এই বরফ রোবট উদ্ভাবন করেছেন।